বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নরসিংদীতে কভার্ড ভ্যানে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী

মোহাম্মদ খাইরুল আমিন 07 নভেম্বর 2024, 11:39 দুপুর 273 বার পঠিত
নরসিংদীতে কভার্ড ভ্যানে মিলল বিপুল ভারতীয় প্রসাধনী

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল ভারতীয় প্রসাধনীসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে চালকসহ দুইজনকে।

বুধবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি এস.এম কামরুজ্জামান।

আটকরা হলেন- কভার্ড ভ্যানটির চালক বরগুনা জেলার ইদ্রিস খানের ছেলে জসিম এবং বাগেরহাট জেলার স্মরণখোলা এলাকার আব্দুল হলিমের ছেলে মুকুল মিয়া।

ওসি কামরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান ধাওয়ার পর ঘাসিরদিয়া এলাকায় আটক করা হয়। পরে তল্লাশিতে ভ্যানটিতে শ্যাম্পু, সাবানসহ বিভিন্ন ধরনের বিপুল ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। তবে এসব পণ্যের চালান কপি, রশিদ বা শুল্ক পরিশোধের কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।

পরে পণ্যসহ কভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক দাম ৫০ লাখ টাকার বেশি বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

এছাড়া শুল্ক ফাঁকি আইনে আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।