নিউ মার্কেটের সংঘর্ষ: মোরসালিন হত্যায় মামলা
নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় মামলার সংখ্যা এবার দাঁড়াল চার। আর আসামির সংখ্যা বেড়ে হলো ১৫০০ এর বেশি। চতুর্থ মামলাটি হয়েছে নিউ মার্কেটের দোকান কর্মচারী মো. মোরসালিনকে হত্যার অভিযোগে।
গতকাল বৃহস্পতিবার রাতে মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ এই মামলা দায়ের করেছেন। যে মামলায় অজ্ঞাতপরিচয়ের ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, নাহিদ হোসেন হত্যা মামলার মতো এই মামলাও গোয়েন্দা পুলিশের কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হবে। পুলিশ এর মধ্যে কাজ শুরু করেছে।
গত সোমবার রাতে নিউ মার্কেট কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। সেই রাতে প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়। পরের সকালে ফের সংঘর্ষ শুরু হয়।
মঙ্গলবার দুই পক্ষের মধ্যে অনেকে আহত হন। এর মধ্যে ১৮ বছর বয়সী নাহিদকে কুপিয়ে জখম করা হয়। অন্যদিকে মোরসালিন মাথায় ইটের আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে নাহিদ মারা যান। তার চাচা একটি হত্যা মামলা দায়ের করেন। যেটিতে অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
২৬ বছর বয়সী মোরসালিন নিউ সুপার মার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।