নিখোঁজ বাবা-মেয়ের লাশ মিলল জামালপুরের নদীতে
একমাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। শিগগিরই আবার ফিরে যাওয়ার কথা ছিল দেশটিতে। কিন্তু সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৩৫) দেশে ফিরে লাশ হলেন। তার সঙ্গে না ফেরার দেশে যেতে হলো ৫ বছরের শিশুকন্যা জান্নাতকেও। জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদী থেকে এই বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলের ছেলে মৃত আজিজ।
ওসি মীর রকিবুল হক জানান, জমিজমা নিয়ে ভাই আজহারের সঙ্গে বিরোধ চলছিল আজিজের। তিনি বলেন, ‘একমাস আগে দেশে ফেরা আজিজের আবার সৌদিতে যাওবার কথা ছিল আগামী শুক্রবার। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের উপর হামলা করা হয়। এরপর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ।’
এই ঘটনায় আজিজের স্ত্রী রোকেয়া বেগম সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। ঘটনার পর থেকে আজহার পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আজহারের স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে।
মৃতদের লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলে বলে জানা গেছে।