বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 10 এপ্রিল 2026, 07:37 বিকাল 79 বার পঠিত
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

জেলার সোনারগাঁ উপজেলায় ফুটবল খেলার সময় বল পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু মর্মান্তিক হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে—আদনান (১০) ও তার ছোট ভাই আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান পরিবার নিয়ে সোনারগাঁয়ের রায়েরটেক এলাকায় নিজাম খানের বাড়িতে ভাড়া থাকতেন। শিশু দু’টি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে দুই ভাই পানিতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা ফিরে না আসায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে এক নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে দুই শিশুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ বাসস’কে জানান, ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শোকার্ত বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার দুই ছেলে ফুটবল নিয়ে খেলার সময় বাড়ির কাছের পুকুরে পড়ে মারা গেছে। আমরা ওদের মরদেহ নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছি। সেখানেই তাদের দাফন করা হবে।’