বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নামী শিক্ষাবিদরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন 29 মার্চ 2022, 04:25 দুপুর 353 বার পঠিত
নামী শিক্ষাবিদরা উপাচার্য হতে চান না: শিক্ষামন্ত্রী

দেশের নামকরা বা বরেণ্য শিক্ষাবিদদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে আগ্রহী হন না। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এই কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিন সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল-২০২২’ পাস নিয়ে আলোচনার সময় তিনি এই কথা বলেন। 

গতকাল সংসদে ওই বিলটি পাস হয়েছে। তবে এই বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব ওঠার পর জাতিয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশিদ উপাচার্যদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু করেন। 

চুন্নু বলছিলেন, আগে উপাচার্যদের কথা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসলেও এখন তাদের দুর্নীতির খবর শুনে লজ্জায় মাথা নত হয়। তারা তাদের পরিবারের সদস্যদের নিয়োগ দিচ্ছেন।

জাপার মহাসচিব দলীয় বিবেচনার বাইরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার দাবি করেন।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেন, উপাচার্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা ইচ্ছা তাই করছেন।

পরে শিক্ষামন্ত্রী বলেন, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কার্যকলাপ নিয়ে কিছু কিছু সমালোচনা আছে। যেগুলোর সত্যতাও আছে এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে, ঢালাওভাবে…। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যদের নিয়ে মন্তব্য করা সমীচীন মনে করি না।’

সমস্যার দিকটাও তুলে ধরেন তিনি। দীপু মনি বলেন, ‘আমাদের খুবই বরেণ্য শিক্ষকরা আছেন, যাদের উপাচার্য হিসেবে পেলে গর্ব অনুভব করতাম। কিন্তু তাদের অনেকেই এই প্রশাসনিক দায়িত্ব নিতে আগ্রহী হন না। আমরা চাইলেও সবচাইতে ভালো কেউ আগ্রহী হবেন- তেমন নয়।’