নাহিদ হত্যায় জড়িত ৬ ছাত্র শনাক্ত
নাহিদ মিয়া হত্যায় জড়িতদের শনাক্ত করতে পেরেছে গোয়েন্দো পুলিশ। ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের সংঘর্ষে আহত হয়েছিলেন নাহিদ। তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছিল। পরে মারা যান তিনি। তার হত্যায় জড়িত ছয় ছাত্রকে শনাক্ত করা গেছে।
ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ হত্যায় জড়িত বলে যাদের শনাক্ত করা হয়েছে তাদের সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। এর মধ্যে কয়েকজন ঘটনার সময় হেলমেট পরে ছিলেন। নাহিদ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
পুলিশ জানতে পেরেছে নাহিদ হত্যায় জড়িত ৬ জনের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বিস্তারিত পরিচয় জানাতে চায়নি পুলিশ। অবশ্য এর মধ্যে কয়েকজনের নাম সংবাদমাধ্যমে এসেছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) এই তদন্তের ভার নিয়েছে। তারা রোববার ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালায়। তবে এদিন সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত ১৮ এপ্রিল রাতে ঢাকা কলেজের কয়েক ছাত্রের সঙ্গে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের ঝামেলা হয়। পরে তা দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। পুলিশ রাতে চলা আড়াই ঘণ্টার সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছিল।
পর দিন মঙ্গলবার সকাল থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকে আহত হন এই সংঘর্ষে। এদিন সকালে আহত হন নাহিদ। তিনি একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে একটি হত্যা মামলা হয়েছে।