বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মুক্তিযুদ্ধকে ‘আলু-পটোলের’ মতো বিক্রি করেছেন শেখ হাসিনা: রিজভী

মোহাম্মদ খাইরুল আমিন 24 সেপ্টেম্বর 2026, 11:19 দুপুর 3 বার পঠিত
মুক্তিযুদ্ধকে ‘আলু-পটোলের’ মতো বিক্রি করেছেন শেখ হাসিনা: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও অপকর্ম আড়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ‘আলু-পটোলের’ মতো পণ্য হিসেবে বিক্রি করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে রিজভী বলেন, রুহুল আমিন গাজী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু শেখ হাসিনার কাছে তা গ্রাহ্য হয়নি।

কারণ, তিনি গণতন্ত্রকে ভালোবাসতেন, ইসলাম পছন্দ করতেন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করতেন। শেখ হাসিনার পক্ষে না থাকার কারণেই এই মুক্তিযোদ্ধাকে দিনের পর দিন রিমান্ড ও কারাগারে কাটাতে হয়েছে।

ভিন্নমত পোষণকারীদের প্রতি বিগত সরকারের রোষানলের কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার কাছে কে তার পক্ষে আর কে বিপক্ষে-এটাই ছিল মূল মানদণ্ড। বিপক্ষে গেলেই তাকে মুক্তিযুদ্ধের পরিপন্থী আখ্যা দেওয়া হতো। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বড় বড় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তিনি নিরন্তর অপপ্রচার চালিয়েছেন।

রুহুল আমিন গাজীর বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, প্রকারান্তরে তাকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, একইভাবে গাজী ভাইকেও চিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সময়ে অনেক সাংবাদিক ফ্যাসিস্টের পক্ষে কাজ করেছেন। কিন্তু রুহুল আমিন গাজী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আজীবন নিপীড়নের শিকার হয়েছেন।

দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।

আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাদের পরিণতি এমনই হয়। তাদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। অন্তত এই পতন নিপীড়িতরা দেখে যেতে পেরেছেন।