বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

মৃত্যুহীন টানা ৬ দিন পার 

মোহাম্মদ খাইরুল আমিন 17 এপ্রিল 2022, 05:02 বিকাল 233 বার পঠিত
মৃত্যুহীন টানা ৬ দিন পার 

করোনাভাইরাস থেকে দেশ আরো একটি মৃত্যুহীন দিন দেখল। তাতে করে টানা ষষ্ঠদিন কোভিড-১৯ এর কারণে কোনো মৃত্যু ছাড়াই পার করল বাংলাদেশ। অবশ্য গত ২৪ ঘণ্টায় নতুন ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

গেল ১১ এপ্রিল শেষ কেউ দেশে করোনায় মারা গেছেন। তারপর থেকে মৃত্যুশূন্য একেকটি চমৎকার দিন পার করছে বাংলাদেশ। সংক্রমণও বলার মতো কমেছে। 

আজ নিয়মিত আপডেটে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আগের দিন যা ছিল ১ দশমিক ২৮ শতাংশ। 

নতুন শনাক্তদের নিয়ে এ পর্যন্ত করোনা মহামারিতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন হয়েছে। গেল ৬ দিনে নতুন কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩২৬ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠলেন।

এই হিসাবে দেশে এখন রোগীর সংখ্যা ৩২ হাজারের বেশি। তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর এখনো সুস্থ হননি।

ঢাকা জেলাতে শনাক্ত হচ্ছেন বেশি। গত ২৪ ঘন্টাতে দেশে শনাক্ত ৫১ রোগীর মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের আর কোনো জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি।

এছাড়া কক্সবাজারে একজন আর সিলেটে ১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তার মানে দেশের ৬১ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।