মকবুলের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ
বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারাদেশের সব মহানগরীতে প্রতিবাদ সমাবেশ করছে দলটি। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে শুরু হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ।
গত সপ্তাহে নিউ মার্কেটের কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় ২ জন মারাও গেছেন।
বিএনপি নেতা ও নিউ মার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওই সংঘর্ষে উসকানি দেওয়ার। এর সঙ্গে আরো কয়েকটি অভিযোগে একটি মামলা করে পুলিশ। তাতে এক নম্বর আসামি করা হয় মকবুলকে। গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে তাকে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি শুরু করে বিএনপি। গত শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
তাদের দাবি, বিএনপি নেতা মকবুল নির্দোষ। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি প্রেসক্লাবের সামনের সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
এই প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, রাকিবুল ইসলাম রাকিব, আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া, কৃষকদলের হাসান জাফির তুহিন প্রমুখ উপস্থিত রয়েছেন।