বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

মকবুলের মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি

মোহাম্মদ খাইরুল আমিন 23 এপ্রিল 2022, 02:26 দুপুর 461 বার পঠিত
মকবুলের মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির নেতা মকবুল হোসেন। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্ত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি ঘোষণা করেন, মঙ্গলবার ঢাকাসহ সব মহানগরে বিক্ষোভ হবে।

নিউ মার্কেটে গত সোমবার রাতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যে দুই ফাস্ট ফুডের ঝামেলা থেকে সংঘর্ষের সূত্রপাত সেই দুই দোকানের মালিক মকবুল। তিনি সিটি করপোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়ে দোকান দুটি ভাড়ায় দিয়েছেন। 

পুলিশের দাবি, সংঘর্ষে মকবুলের উসকানি ছিল। তিনি নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। পুলিশের মামলায় এক নম্বর আসামী হিসেবে এসেছে তার নাম। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি গোটা ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার ব্যাপার দেখছে। মির্জা ফখরুল বলেছেন, ‘হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।’

এর সঙ্গে মির্জা ফখরুল যোগ করেন, ‘বিএনপি অবিলম্বে মকবুল হোসেনের মুক্তি ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহীত হয় যে, মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ এপ্রিল ঢাকাসহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।’

তিনি জানান, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিউ মার্কেটের ঘটনার সত্য উদঘাটনের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।