বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মৌলভীবাজারের তিন রাজাকারের মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন 19 মে 2022, 12:52 দুপুর 263 বার পঠিত
মৌলভীবাজারের তিন রাজাকারের মৃত্যুদণ্ড

১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের বড়লেখায় তিনজনকে ফাঁসির রায় শুনিয়েছেন আদালত। দণ্ডিত তিন যুদ্ধাপরাধী হলেন: আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল এবং তার ভাই আব্দুল মতিন। এদের মধ্যে আব্দুল মতিন পলাতক। বাকি দুজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার এবং কে এম হাফিজুল আলম।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ মামলায় যে পাঁচ দফা অভিযোগ এনেছিল তার সবগুলো প্রমাণিত হয়। সে কারণে তিন আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 

২০১৪ সালের ১৬ অক্টোবর এ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করে  ২০১৬ সালের ১৪ নভেম্বর শেষ করেন। তদন্তে তিন আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মৌলভীবাজারের বড়লেখা এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় বড়লেখার ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১ মার্চ মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আসামি দুই সহোদর আব্দুল আজিজ ও আব্দুল মতিন মুক্তিযুদ্ধ শুরু হলে তারা প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় পালিয়ে এসে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন।