মেহেদীর সঙ্গে অভ্রর জন্য একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন
বাংলা কম্পিউটিংয়ে যুগান্তকারী পরিবর্তন আনা অভ্র কিবোর্ডের নির্মাতা মেহেদী হাসান খানসহ চারজনকে একুশে পদক ২০২৫ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেহেদী হাসানের পাশাপাশি তাঁর তিন সহযোগী—রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফাকেও এ পুরস্কার দেওয়া হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেহেদী হাসান প্রথমে এককভাবে পুরস্কার গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন এবং তাঁর সহযোগীদের কৃতিত্ব তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে সরকার সম্মিলিতভাবে চারজনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ফারুকী লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’
অভ্র কিবোর্ড ২০০৩ সালে মেহেদী হাসানের উদ্যোগে যাত্রা শুরু করে এবং এটি ওপেন-সোর্স প্ল্যাটফর্মে বিনামূল্যে উন্মুক্ত করা হয়। এটি বাংলা ভাষাকে ডিজিটাল মাধ্যমে সহজ ও সর্বজনীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফারুকী আরও জানান, চার নির্মাতা বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও পুরস্কার গ্রহণের জন্য সবাই বাংলাদেশে আসবেন।
বাংলা ভাষা ও প্রযুক্তির বিকাশে অবিস্মরণীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে অভ্র নির্মাতাদের এই সম্মাননা প্রদান নিঃসন্দেহে বাংলা প্রযুক্তি জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।