মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুহিত
সিলেটের মানুষ হিসেবে গর্ব ছিল আবুল মাল আবদুল মুহিতের। সিলেট তার জন্মস্থান। আর জন্মভূমির বাসিন্দারা শ্রদ্ধাভরে তাদের বীর সন্তান মুহিতকে চিরবিদায় জানাল। সিলেটেই দুপুর ২টায় হলো মুহিতের শেষ জানাজা। এরপর বিকেল ৩টার দিকে সিলেট নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হলো।
আজ রোববার সাবেক অর্থমন্ত্রী মুহিতের কফিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর চৌহাট্টা এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ বিদায় নেওয়া মুহিতকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়।
শেষ বেলায় মুহিতের কফিন ছিল জাতীয় পতাকায় মোড়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এদিন কেউ আর দল বা মতের কথা ভাবেননি। সবাই এসেছেন মুহিতকে বিদায় জানাতে। শেষ শ্রদ্ধা জানাতে।
৮৮ বছর বয়সে মুহিত শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। নানা ধরনের শারীরিক জটিলতা ছিল। সব মিলে কাবু হয়ে পড়েছিলেন।
শনিবার সকালে ঢাকায় মুহিতের জানাজা পড়া হয়। তারপর কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে মুহিতের মরদেহ রাতে নিয়ে যাওয়া হয় সিলেটে।
শ্রদ্ধা নিবেদন শেষে মুহিতের মরদেহ নিয়ে যাওয়া হয় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। সেখানে দুপুর ২টায় তার শেষ জানাজার নামাজ অুনষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজারো মানুষ শরীক হন। জানাজা শেষে শহরের রায়নগর এলাকায় পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়।