লক্ষ্মীপুরে বাসের ভেতর সুপার ভাইজার খুন
বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন সুপার ভাইজার। সেই সময় তাকে হত্যা করেছে ঘাতক। লক্ষ্মীপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করা হয়েছে।
মৃত রিয়াদ হোসেন লিটন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে। আটক বাস চালকের নাম নাহিদ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্রের কাছ থেকে জানা যায়, যাত্রীবাহী ইকোনো পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে এসে শুক্রবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর পৌঁছায়। যাত্রীদের নামিয়ে দিয়ে সেটি পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে দাঁড়ায়। এই সময় বাসে চালক, সুপারভাইজার, নতুন হেলপার ও পুরনো স্টাফ ছিলেন।
এর পর এক সময় চালক ও পুরনো স্টাফ নতুন হেলপার ও সুপার ভাইজারকে বাসে রেখে যার যার গন্তব্যে চলে যান। ওই দুজন বাসের ভেতর ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত ৪টার দিকে এসে চালক বাসের ভেতর সুপার ভাইজার লিটনের রক্তাক্ত লাশ দেখতে পান।
এরপর পুলিশকে খবর দেওয়া হয়। নতুন হেলপার পলাতক আছে। তার পরিচয় জানাতে পারেননি কেউ।
নিহত সুপার ভাইজারের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।