কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫২ জন আটক
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এবার ২৫২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়।
কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর ও তরুণ বখাটেদের উৎপাত রয়েছে-এমন চিহ্নিত স্থানগুলোতে পুলিশের একাধিক ইউনিট একযোগে অভিযান চালায়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন।
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে মোট ২৫২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ দিনে ছয় দফায় অভিযানে মোট দুই হাজার ২৯৩ জনকে আটক করেছে কুমিল্লার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।