মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2026, 12:46 দুপুর • 13 বার পঠিত
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ

‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো’-পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগজনক। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও তা আইনসম্মত প্রক্রিয়া, নিরপেক্ষ তদন্ত এবং বিচার বিভাগের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে করতে হবে।

কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তার জীবন ও ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করা যায় না।সংগঠনটি জানায়, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়েছে।

একইভাবে, আন্তর্জাতিক মানবাধিকার আইনেও জীবনের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই ‘ক্রসফায়ার’ কোনোভাবেই বিচারিক প্রক্রিয়ার বিকল্প হতে পারে না।

বিবৃতিতে আইজিপির বক্তব্যের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ও দ্ব্যর্থহীন ব্যাখ্যা দাবি করেছে এইচআরএসএস। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অনুমোদনযোগ্য মনে করে, নাকি এটি আইজিপির ব্যক্তিগত বক্তব্য—তা অবিলম্বে পরিষ্কার করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনবহির্ভূত হত্যাকাণ্ড থেকে বিরত রাখা, তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানিয়েছে এইচআরএসএস।

বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, অপরাধ দমনে রাষ্ট্রের শক্তি প্রয়োগের বৈধতা নির্ভর করে আইনের প্রতি আনুগত্যের ওপর, বিচারবহির্ভূত পদ্ধতির ওপর নয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অপরাধের বিচার আদালতেই হতে হবে। রাষ্ট্রীয় অনুমোদনেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ থাকতে পারে না।