করোনায় তরুণদের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েছে
বাংলাদেশে করোনাভাইরাসে তরুণদের সংক্রমণের হার বেড়েছে। বিভিন্ন কাজকর্মে ঘরের বাইরে ও জনসমাগমস্থলে তরুণদের বেশি যেতে হয়, তাই করোনায় তরুণদের সংক্রমণ বেশি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভাইরাসটিতে আক্রান্ত হযে তরুণদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলেও মনে করছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ২০ এপ্রিল দেশে করোনায় আক্রান্ত আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৫৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বয়সভিত্তিক একটি বিশ্লেষণে দেখা যায়, দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ৫৪ দশমিক ৭ শতাংশের বয়স ২১ থেকে ৪০ বছর। এর মধ্যে ২৭ দশমিক ৬ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছর এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী মানুষ রয়েছে ২৭ দশমিক ১ শতাংশ।
অপেক্ষাকৃত তরুণ, যুবক এবং কম বয়সীরা বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ফলে মোট জনগোষ্ঠীর বেশিরভাগ অংশ তরুণ এবং যুবক থাকার ফলে করোনায় জনসংখ্যার দিক থেকে আমরা যে সুবিধাজনক একটি জায়গায় ছিলাম সেই জায়গাটাও আক্রান্ত হতে যাচ্ছে, যা আমাদের দেশের জন্য অত্যন্ত বিপদ এবং উদ্বেগজনক।