শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকাডুবে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

অনলাইন নিউজ পোর্টাল 16 ফেব্রুয়ারি 2021, 11:34 দুপুর 88 বার পঠিত
কঙ্গোতে নৌকাডুবে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে।

মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি বলেন, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭শ জন যাত্রী ছিল। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে ডুবে গেছে।

 

 

রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। স্টিভ বিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

খনিজ সমৃদ্ধ কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।

গত মাসে কিভু লেকে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী এবং বাকি দু’জন শিশু।