বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

কক্সবাজারে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু,হাসপাতালে ভর্তি বাড়ছে

মোহাম্মদ খাইরুল আমিন 04 মে 2026, 04:33 দুপুর 124 বার পঠিত
কক্সবাজারে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু,হাসপাতালে ভর্তি বাড়ছে

কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া বায়ুবাহিত এ রোগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক শান্তনু ঘোষ।

মৃতরা হলো- রামু উপজেলার মিজানুর রহমানের আট মাস বয়সী ছেলে আতিকুর রহমান এবং একই এলাকার জাবেদের ছয় মাস বয়সী মেয়ে ওয়াজিফা।

চিকিৎসক শান্তনু ঘোষ বলেন, হামের উপসর্গ নিয়ে শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ২৪ এপ্রিল ওয়াজিফাকে ভর্তি করা হয় এবং ৩ মে সকাল ৮টায় তার মৃত্যু হয়। অন্যদিকে আতিকুরকে ৩ মে ভর্তি করার পর একই দিন রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৯ শিশু। এখন পর্যন্ত হামে সন্দেহভাজন হিসেবে ২০ শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে নয়জন রোহিঙ্গা শিশু।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৮৮৩ শিশু; যার মধ্যে ৮০৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত কক্সবাজার জেলায় মোট এক হাজার ৪৫২ শিশু হামে আক্রান্ত হয়েছে।