বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কার্ড দিয়ে বিএনপির নেতাদের পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুন 2022, 03:38 দুপুর 215 বার পঠিত
কার্ড দিয়ে বিএনপির নেতাদের পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতাদের কাছে আমন্ত্রণ পৌঁছাল। আজ বুধবার সরকারের সেতু বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিএনপির নেতাদের জন্য কার্ড পৌঁছানো হয়েছে।

সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর এদিন দুপুরের আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। 

যাদের নামে সেতু বিভাগ পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য দাওয়াতপত্র দিয়েছে তারা হলেন বিএনপির সাত নেতা। যথাক্রমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। 

সেতু বিভাগ তাদের কাজ সাফল্যের সঙ্গে করেছে। কিন্তু কার্ড পাওয়ার পর রিজভী সাংবাদিকদের বলেন, ‘‘আমরা এই কার্ড রিসিভ করিনি, কিছু না। আমি অফিসে বসে ছিলাম, জাস্ট তারা দিয়ে গেছেন। ব্যাস।’’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘সেতু বিভাগের কর্মকর্তা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।’’

আগামী শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।