কামরাঙ্গীরচরে তৈরি পাঞ্জাবি `পাকিস্তানি` বলে বিক্রি
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
20 মার্চ 2025, 03:14 দুপুর
•
233 বার পঠিত
ঈদকে সামনে রেখে রাজধানীতে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এক কাপড়ের দোকানে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা স্টিকারযুক্ত পাঞ্জাবি বিক্রি করা হচ্ছিল ‘পাকিস্তানি কাবলি পাঞ্জাবি’ নামে। তবে তদন্তে জানা যায়, এসব পাঞ্জাবি মূলত ঢাকার কামরাঙ্গীরচরের কারখানায় তৈরি।
অভিযানকালে কর্মকর্তারা দেখতে পান, দোকানের সামনে সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে— “এখানে পাকিস্তানি কাবলি পাঞ্জাবি পাওয়া যায়”। শুধু পাকিস্তানি নয়, ভারতীয় ট্যাগ লাগিয়েও পোশাকগুলো ভারতীয় বলে বিক্রি করা হচ্ছিল। দোকান মালিক জানান, প্রতিটি পাঞ্জাবি আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ ধরনের প্রতারণার জন্য দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।