জুলাইয়ে ৬৩২ সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৯
জুলাই মাসে দেশে ৬৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭৩৯ জন। আহত হয়েছেন ২ হাজার ৪২ জন। নিহতদের মধ্যে নারী ১০৫ জন, শিশু ১০৯ জন। গত মাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।
আজ শনিবার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজপোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংগঠনটি প্রতিবেদন তৈরি করেছে।
তাদের তথ্য অনুযায়ী, গত মাসে ২৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২৫১ জন। এটা মোট জুলাইয়ের নিহতের ৩৩ দশমিক ৯৬ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৭ দশমিক ১৫ শতাংশ। এই সময়ে দুর্ঘটনায় ১১৮ জন পথচারী নিহত হয়েছেন। এটা মোট নিহতের ১৫ দশমিক ৯৬ শতাংশ। ১৩৭ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন। এটা মোটের ১৮ দশমিক ৫৩ শতাংশ।
জুলাইয়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৮ জন মারা গেছেন। সাত জন নিখোঁজ হয়েছেন। গত মাসে ২৬টি রেল দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ জন।
প্রতিবেদনে পরিসংখ্যান তুলে ধরে তারা জানায়, মোটরসাইকেল চালক ও আরোহী ২৫১ জন (৩৩ দশমিক ৯৬ শতাংশ), বাস যাত্রী ৬১ জন (৮ দশমিক ২৫ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ভ্যান-ট্রাক্টর-ট্রলি-লরি আরোহী ৫৫ জন (৭ দশমিক ৪৪ শতাংশ), মাইক্রোবাস-প্রাইভেটকার যাত্রী ৫৭ জন (৭ দশমিক ৭১শতাংশ), থ্রি-হুইলার যাত্রী
(ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-মিশুক) ১৪৯ জন (২০ দশমিক ১৬ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-চান্দেরগাড়ি-মাহিন্দ্র-টমটম) ২৬ জন (৩ দশমিক ৫১ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-প্যাডেল ভ্যান আরোহী ২২ জন (২ দশমিক ৯৭ শতাংশ) নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, জুলাইয়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১৯৯টি দুর্ঘটনায় ২২৮ জন নিহত হন। সিলেট বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনা ঘটেছে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৪৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঝালকাঠি, সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায়। এ তিনটি জেলায় ১১টি সাধারণ মাত্রার দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।
প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গত জুন মাসে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫৬টি দুর্ঘটনায় ১৭ দশমিক ৪৬ জন নিহত হয়েছিল। সেই হিসেবে জুলাই মাসে দুর্ঘটনা বেড়েছে ৩০ দশমিক ৯৭ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৩৬ দশমিক ৪৮ শতংশ। জুলাই মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২৩ দশমিক ৮৩ জন, অর্থাৎ ২৪ জন। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫৮১ জন, অর্থাৎ ৭৮ দশমিক ৬১ শতাংশ।