জঙ্গল সলিমপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে শটগান, চাইনিজ পিস্তল ও গুলিসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় সংবাদ সম্মেলন করে শুক্রবার সকালে এ বিষয়ে জানানো হয়; তবে অভিযানটি চালানো হয় বৃহস্পতিবার বিকেলে। সীতাকুণ্ড থানা, আলীনগর ক্যাম্পের ফোর্স এবং বিজিবি ও র্যাবের সদস্যরা সম্মিলিতভাবে এই অভিযান চালিয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন- মো. রাসেল (৩০), মো. মোরশেদ (৩৩), মো. বাবু (৩২) এবং মো. সাব্বির (৩২)। তাদের মধ্যে রাসেলের নামে তিনটি অস্ত্র মামলা এবং মোরশেদের নামে দুটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা আছে বলে পুলিশের ভাষ্য।
অভিযানে একটি শটগান, একটি চাইনিজ পিস্তল, নয়টি সিসা বুলেট, ছয়টি কার্তুজ বুলেট, একটি টেডা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও চাঁদা সংগ্রহের তালিকা সংবলিত একটি খাতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জুনায়েত কাউছার বলেন, “আলীনগর ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গভীর পাহাড়ে বাহাদুর ঘোনা নামক একটি এলাকায় অস্ত্রসহ কিছু সন্ত্রাসী অবস্থান করছে বলে সংবাদ পাই।
“তারপর গতকাল সীতাকুণ্ড থানা, আলীনগর ক্যাম্পের ফোর্স এবং সাথে বিজিবি ও র্যাবের সদস্যরাসহ অভিযান পরিচালনা করি। এসময় সন্ত্রাসীদেরকে অস্ত্রসহ সন্ত্রাসীদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তার চারজন বেশ কিছুদিন ধরে জঙ্গল সলিমপুরে সশস্ত্রভাবে অবস্থান করছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা মো. জুনায়েত কাউছার বলেন, তারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে তৎপর ছিল।
“একে একে সব সন্ত্রাসীরাই আইনের আওতায় চলে আসবে।”
এত অভিযানের পরেও কেন জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা যাচ্ছে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা যাচ্ছে না, এ কথার সঙ্গে পুরোপুরি একমত নই। গত বছর বহিরাগত কোন লোক, সাংবাদিকরা জঙ্গল সলিমপুরে ঢুকতে পারত না।
“এখন সে পরিস্থিতি নাই। আপনারা নির্ধিদ্বায় জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে পারেন। তাহলে অবস্থার তো সুষ্পষ্ট উন্নতি ঘটেছে। সন্ত্রাস নিমূর্ল একটা চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সব সন্ত্রাসী গ্রেপ্তারের আওতায় আসবে।”গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জঙ্গল সলিমপুর এলাকায় চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে।