বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

জাতীয় নির্বাচনে সহায়তা চেয়ে কানাডার কাছে আর্থিক অনুদানের আহ্বান

ওএনপি২৪ নিউজ ডেস্ক 24 জুন 2025, 12:07 দুপুর 458 বার পঠিত
জাতীয় নির্বাচনে সহায়তা চেয়ে কানাডার কাছে আর্থিক অনুদানের আহ্বান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনসহ আনুষঙ্গিক খরচ মেটাতে কানাডাসহ উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য বৈঠকে এ আহ্বান জানায় দলটি।

রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, অধ্যাপক মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের নায়েবে আমির তাহের বলেন, ‘নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিতে বড় পরিসরের বাজেট প্রয়োজন। এজন্য আমরা উন্নয়ন অংশীদারদের কাছে আর্থিক অনুদান চেয়েছি। কানাডার হাইকমিশনার জানিয়েছেন, জাতিসংঘের মাধ্যমে এই অনুদান সমন্বয়ের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’

তাহের আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, নতুন ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তি, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না রাখাসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি। সে ক্ষেত্রে গণভোট আয়োজনের পরামর্শ আমরা অন্তর্বর্তী সরকারকে দিয়েছি।’

বৈঠকে জামায়াত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে।

কানাডার হাইকমিশনারের সঙ্গে ছিলেন সিনিয়র পলিটিক্যাল অফিসার সিওভান কের আহমেদ।