জাপানে জন্মহার ক্রমশ কমছে
জাপানে ক্রমশ কমছে শিশু জন্মহার। জানা গেছে প্রায় চার দশক ধরে এ প্রবণতা জাপানে বিদ্যমান থাকলেও এবছর শিশু জন্মহার সর্বনিম্নে নেমেছে। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৯৫০ সাল থেকে শিশু জন্মের তুলনামূলক উপাত্ত সংগ্রহ করে আসছে।
দেশটির মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি বছর ১ এপ্রিল জাপানে মোট শিশুর সংখ্যা ছিল ১ কোটি ৪৯ লাখ ৩০ হাজার। ১৪ বছর পর্যন্ত যাদের বয়স, জাপানে তারা শিশু হিসেবে গণ্য। একবছর আগের তুলনায় শিশুদের সংখ্যা জাপানে ১ লাখ ৯০ হাজার কমেছে। এ হিসাব বলছে, ১৪ বছরের বেশি যাদের বয়স হয়েছে এই তালিকার বাইরে তারা চলে গেলেও নবজাতকের আবির্ভাব তা কোনো অবস্থাতেই পূরণ করতে পারেনি।
জাপানে মোট জনসংখ্যায় শিশুদের হারের হিসাবের দিক থেকেও ৪৭ বছর ধরে পতন চলছে । এ হার এখন মাত্র ১১ দশমিক ৯ শতাংশ যা বিশ্বের সবচেয়ে জনবহুল ৩৩টি দেশের মধ্যে সর্বনিম্ন।