জামিন পেলেন বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন হৃদয় মণ্ডল। তারপর থেকে তিনি আলোচনায়। মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের এই বিজ্ঞান ও গণিতের শিক্ষক অবশেষে ১৯ দিন কারাভোগের পর জামিন পেলেন।
আজ রবিবার জামিন হয়েছে তার। দুপুর একটার পর মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূইয়া হৃদয় মণ্ডলের জামিন মঞ্জুর করেন।
গত ২৩ ও ২৮ মার্চ তার জামিন চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করেছিলেন।
গত ২২ মার্চ হৃদয় মণ্ডল যে স্কুলে পড়ান সেই স্কুলের অফিস সহকারী মো. আসাদ বাদী ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন। সেদিনই গ্রেপ্তার হন হৃদয় মণ্ডল। গত ৪ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে ওই শিক্ষকের জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করে।
হৃদয় মণ্ডলের স্কুলেরই এক শিক্ষক জানান, ২০ মার্চ দশম শ্রেণির বিজ্ঞানের ক্লাস নিচ্ছিলেন আলোচিত শিক্ষক। সেখানে ধর্ম ও বিজ্ঞান নিয়ে হৃদয় মণ্ডল ও ছাত্রদের সঙ্গে কথোপকথন হয়। কোনো এক শিক্ষার্থী সেই কথোপকথনের ভিডিও ধারণ করে।
পরে প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হয়। সেদিনই হৃদয় মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেন প্রধান শিক্ষক। তবে পরের দিন সকালে কিছু শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন স্কুলে হৃদয় মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২২ মার্চ গ্রেপ্তার হওয়া হৃদয় মণ্ডলকে পরের দিন আদালতে পাঠানো হয়। সেদিন আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেয়।
এর পর সারাদেশ জুড়ে আলোচনায় আসেন হৃদয় মণ্ডল।