সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জামায়াত এমপি নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদকে জানালেন স্পিকার

মোহাম্মদ খাইরুল আমিন • 09 নভেম্বর 2026, 12:40 দুপুর • 8 বার পঠিত
জামায়াত এমপি নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদকে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারের বিষয়টি জাতীয় সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির সংশ্লিষ্ট অংশ পড়ে শোনান তিনি।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ২১ সেপ্টেম্বর নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি।

স্পিকার বলেন, “সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া চিঠির তথ্য সংসদকে জানানো হচ্ছে।”

চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা ১৬৯৫ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে পুলিশ নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে তাকে থানায় নেওয়া হয়।

পরে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ২১ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

স্পিকারের পড়ে শোনানো চিঠিতে মামলার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭ উল্লেখ করা হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত ২০ সেপ্টেম্বর নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।