বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
কুরআন

ইসলামে অন্যের দোষ গোপন: নীতি-আদর্শ, গুরুত্ব ও প্রয়োগ

ড. মো: সাইফুল ইসলাম 17 জুলাই 2026, 12:06 রাত 101 বার পঠিত
ইসলামে অন্যের দোষ গোপন: নীতি-আদর্শ, গুরুত্ব ও প্রয়োগ

ইসলাম মানুষের জীবন, সম্মান ও সামাজিক মর্যাদার সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। স্বয়ং আল্লাহ তায়ালা তার সৃষ্টি মানবজাতিকে সম্মান দান করেছেন। আল্লাহ তায়ালা বলেন- 

وَلَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ

বাস্তবিকপক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। -সূরা বনী ইসরাঈল, আয়াত নং: ৭০


এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে, তিনি সমগ্র মানবজাতিকে বিশেষ মর্যাদা ও সম্মানে ভূষিত করেছেন। মানুষের জ্ঞান-বুদ্ধি, বিবেক, কথা বলার ক্ষমতা, সুন্দর আকৃতি, স্বাধীন ইচ্ছাশক্তি এবং পৃথিবীতে প্রতিনিধি (খলিফা) হিসেবে দায়িত্ব প্রদান- এসবই এই মর্যাদার অংশ।


ইবনে উমর রা. একবার বায়তুল্লাহ বা কা‘বার দিকে তাকালেন এবং বললেন, 

مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ.


কত মর্যাদা তোমার, কত বিরাট তোমার সম্মান! কিন্তু আল্লাহর নিকট মু’মিনের মর্যাদা তোমার চেয়েও বড়। -জামে তিরমিযী, হাদীস নং ২০৩২


তাই একজন মুসলিমের সম্মান নষ্ট করা, তার গোপন দোষ অনুসন্ধান করা কিংবা তা মানুষের মাঝে প্রচার করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অপরাধ। অপরদিকে, কারও ব্যক্তিগত দোষ গোপন রাখা, গোপনে সংশোধনের চেষ্টা করা এবং তার জন্য হেদায়াতের দোয়া করা ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য।


বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষের ব্যক্তিগত ভুল, ছবি, ভিডিও বা গোপন তথ্য মুহূর্তেই ছড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় কুরআন ও সুন্নাহর এই শিক্ষা আগের যেকোনো সময়ের তুলনায় অধিক প্রাসঙ্গিক।


কুরআনের নির্দেশনা

মন্দ ও অশালীন বিষয় প্রচার করা অন্যায় ও গুনাহের কাজ। আবার তা যদি হয় অন্য কারও ব্যক্তিগত গোপন দোষ, তাহলে তা আরও মারাত্মক গুনাহ ও গুরুতর অন্যায় । যারা অন্যের দোষ প্রচারের মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটায় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন-

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۚ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ


যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ও কুকর্মের প্রসার কামনা করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। -সূরা আন-নূর, আয়াত নং: ১৯


অর্থাৎ, যারা মুমিনদের সম্পর্কে কুৎসা, অশ্লীলতা বা অপবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক- এটা পছন্দ করে, তাদের ব্যাপারেই এ আয়াতের সতর্কবাণী। -তাফসীরে ইবনে কাছীর : ৬/২৯

বর্তমান সময়ে এ আয়াতের প্রাসঙ্গিকতা অনেক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। অশ্লীলতা প্রচারের এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। নিজের, অন্যের, পরিবারের, সমাজের যে কোনও দোষ প্রকাশ করতে মানুষ একটুও ভাবে না। কেউ একজন প্রচার করল, সাথে যোগ হলো আরও কথিত অসংখ্য ফ্যান-ফলোয়ার। তারা আবার সেটাকে ‘ভাইরাল’ নামক ভাইরাস হিসেবে ছড়িয়ে দিল অসংখ্য অগণি ত মানুষের হাতের মুঠোয়- লাইক, কমেন্ট শেয়ারের মাধ্যমে। কেউ নিজে ভাইরাল করতে পারে না- যদি না অন্যের এ ধরণের অসুস্থ সহযোগিতা থাকে। অথচ আল্লাহ তায়ালা অন্যায় কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন। তিনি বলেন- 

وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ وَ اتَّقُوا اللهَ اِنَّ اللهَ شَدِیْدُ الْعِقَابِ.


তোমরা নেক কাজ ও তাকওয়া অবলম্বনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহ্কে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। -সূরা মায়েদা, আয়াত নং: ০২


ইসলামে নিজের দোষই প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। কেননা অন্যায় প্রচার করাও অন্যায়। সেক্ষেত্রে অন্যের ব্যক্তিগত দোষ প্রকাশ করার তো কোনো প্রশ্নই আসে না। তা আরও গুরুতর অন্যায়।


কোনো মানুষের বিরুদ্ধে খারাপ বা অপবাদমূলক কথা শুনে তা যাচাই না করে বা অপ্রয়োজনীয়ভাবে অন্যদের কাছে প্রচার করা ইসলাম নিষেধ করেছে। এমনকি কথাটি সত্য হলেও, মানুষের দোষ ও কুকীর্তি ছড়িয়ে বেড়ানো নিন্দনীয়। মুসলিমের কর্তব্য হলো অযথা গুজব ও অপবাদ প্রচার থেকে বিরত থাকা এবং মানুষের সম্মান রক্ষা করা।

আল্লাহ তায়ালা বলেন- 

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّلَا تَجَسَّسُوۡا وَلَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡہِ مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ تَوَّابٌ رَّحِیۡمٌ

হে মুমিনগণ! অনেক রকম অনুমান থেকে বেঁচে থাক। কোন কোন অনুমান গুনাহ। তোমরা কারও গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না এবং তোমাদের একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করে থাক। তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ অতি তাওবা কবুলকারী, পরম দয়ালু। -সূরা হুজুরাত, আয়াত নং ১২


এই (আয়াতে উল্লিখিত) বিষয়গুলো পরস্পরের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব-কলহ বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখে। এক পক্ষ অপর পক্ষ সম্পর্কে এমন কুধারণা করে বসে যে, সুধারণার কোনো অবকাশই থাকে না। প্রতিপক্ষের যে কোনো কথা হোক, তার অর্থকে নিজেদের বিরোধী মনে করে বসে। সেই কথাতে ভাল অর্থের হাজারো সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি মাত্র দিক যদি মনের মধ্যে চলে আসে, তবে ওই মন্দ দিকটির প্রতিই মন ধাবিত হয় এবং সেই একটি মন্দ ও দুর্বল দিকটিকে অকাট্য ও নিশ্চিত সাব্যস্ত করে প্রতিপক্ষের প্রতি সমূহ অপবাদ ও দোষারোপ করতে শুরু করে। আর শুধু এটিই নয় যে, ঘটনাক্রমে প্রতিপক্ষের একটি বিষয় হাতে এসে গেল, আর বদগুমানী করে তার ভুল অর্থ করা হল। না, এখানেই ক্ষান্ত থাকা হয় না; বরং বিপক্ষের গোপন কথা জানার চেষ্টা করা হয়, যাতে করে রং-চং মাখিয়ে কথাটিকে বড় করা যায় এবং তার গীবত করে নিজেদের আক্রোশ গরম করা যায়।


কুরআনুল কারীম এ সমস্ত নিকৃষ্ট বিষয় নিষেধ করেছে। মুসলমানরা কুরআনের উপদেশ মোতাবেক আমল করলে, দুর্ভাগ্যবশত মতবিরোধ ঘটে গেলেও তা সীমা অতিক্রম করতে পারবে না এবং তার ক্ষতি অনেক সীমিত হয়ে যাবে; বরং কিছুদিনের মধ্যে পরস্পরের মতবিরোধের নাম-নিশানাও অবশিষ্ট থাকবে না। -তাফসীরে উসমানী (রাহনুমা প্রকাশনি) সংশ্লিষ্ট আয়াতের তাফসীর।  


অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ছাড়া কারও সম্পর্কে কুধারণা পোষণ করা গুনাহ। অন্যের ছিদ্রান্বেষণ করা ও তার গোপন দোষ খুঁজে বেড়ানোও একটা গুনাহের কাজ। তবে কোনো বিচারক যদি অপরাধীকে খুঁজে বের করার জন্য অনুসন্ধান চালায়, তবে তা এর অন্তর্ভুক্ত নয়। -তাফসীরে তাওযীহুল কুরআন : ৩/৩৬০


অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন- 

لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ

আল্লাহ প্রকাশ্যে মন্দ কথা বলা পছন্দ করেন না; তবে যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে (তার কথা ভিন্ন)। -সূরা আন-নিসা, আয়াত নং: ১৪৮


অর্থাৎ কারো মধ্যে দীন বা দুনিয়ার কোন দোষ জানা গেলে তা প্রকাশ করতে নেই। আর আল্লাহ তাআলা সকলের কথা শোনেন এবং সকলের কাজকর্ম জানেন- প্রত্যেককে তদনুসারে প্রতিফল দান করেবেন। একেই অর্থাৎ অন্যের দোষ প্রকাশ করাকেই গীবত বলে। অবশ্য মজলুম ব্যক্তি তার উপর জালেমের জুলুমের কথা লোকের নিকট প্রকাশ করতে পারে। তেমনি আরো কিছু ক্ষেত্রে গীবত করা জায়েয আছে। এস্থলে উক্ত নির্দেশ সম্ভবত এ জন্য দিলেন যে, মুসলমানের উচিত কোন মুনাফেকের নাম প্রকাশ না করা এবং খোলাখুলিভাবে ওর বদনাম না করা। এতে সে বিগড়ে গিয়ে হয়ত উদ্ধত হয়ে ওঠবে। তা না করে বরং নসীহত করবে, তবে নির্দিষ্টভাবে কাউকে সম্বোধন না করে, বরং এমনভাবে যে, মুনাফিক আপনিই বুঝে নেবে । অথবা নির্জনে ওকে উপদেশ দেবে । এই উপায়ে হয়ত সে নসীহত গ্রহণ করবে। বলা বাহুল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন- কারও নাম প্রকাশ করতেন না। -তাফসীরে উসমানী (রাহনুমা প্রকাশনী)


রাসূলুল্লাহ ﷺ-এর নির্দেশনা


আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

لاَ يَسْتُرُ عَبْدٌ عَبْدًا فِي الدُّنْيَا إِلَّا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ.


যে ব্যক্তি দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। -সহীহ মুসলিম, হাদিস নং: ২৫৯০

অন্য বর্ণনায় এসেছে- 

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন-

مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ


যে কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। -সহীহ মুসলিম, হাদীস নং: ২৬৯৯


এসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ মুসলমানের সম্মান ও মর্যাদা রক্ষার এক মহান নীতি শিক্ষা দিয়েছেন। কোনো মুসলিম যদি গোপনে কোনো ভুল বা গুনাহে লিপ্ত হয় এবং তা প্রকাশ্যে প্রচার না করে, তাহলে তার দোষ মানুষের কাছে প্রকাশ না করে গোপন রাখা এবং গোপনে তাকে সংশোধনের চেষ্টা করাই উত্তম। এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ায় তার সম্মান রক্ষা করবেন এবং কিয়ামতের দিন তাঁর অসংখ্য দোষ-ত্রুটি ক্ষমা ও গোপন করবেন।


তবে এ হাদীসের অর্থ এই নয় যে, অপরাধী, জালিম বা প্রকাশ্য পাপাচারীর অপরাধ আড়াল করতে হবে। ইমাম নববী রহ. বলেন, এই ফজিলত মূলত সেই ব্যক্তির জন্য, যে প্রকাশ্যে পাপাচারী নয় এবং যার গুনাহ ব্যক্তিগত। কিন্তু যদি কারও অপরাধে মানুষের জান-মাল, ইজ্জত বা সমাজের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো শরীয়তসম্মত; বরং কখনো কখনো আবশ্যক।


অতএব, এই হাদীসের মূল শিক্ষা হলো- মুসলমানের সম্মান রক্ষা করা, তার গোপন দোষ প্রচার না করা, গোপনে নসীহত করা এবং তার সংশোধনের সুযোগ সৃষ্টি করা। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে নিজের রহমতের আবরণে ঢেকে রাখবেন।


অপর এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক বার্তা দিয়েছেন যে, অন্যের দোষ অন্বেষণ করলে অবশেষে ঘরে থেকেও লাঞ্চিত হওয়া লাগতে পারে। 


হযরত সাওবান রা. থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন-

لَا تُؤْذُوا عِبَادَ اللهِ، وَلَا تُعَيِّرُوهُمْ، وَلَا تَطْلُبُوا عَوْرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ طَلَبَ عَوْرَةَ أَخِيهِ الْمُسْلِمِ، طَلَبَ اللهُ عَوْرَتَهُ حَتَّى يَفْضَحَهُ فِي بَيْتِهِ. 


তোমরা আল্লাহর বান্দাদের কষ্ট দিও না, তাদের দোষ ধরে অপমান করো না এবং তাদের গোপন ত্রুটি অনুসন্ধান করো না। কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তাআলাও তার গোপন ত্রুটি প্রকাশ করবেন। আর আল্লাহ যার গোপন ত্রুটি প্রকাশ করবেন, তাকে তার নিজের ঘরের মধ্যেও লাঞ্ছিত করে দেবেন। -মুসনাদে আহমাদ, হাদীস নং: ১২৪


এই হাদীসে ইসলামের সামাজিক নৈতিকতার তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে- 


কাউকে কষ্ট না দেওয়া- কথা, আচরণ বা অন্য কোনো উপায়ে মানুষের মনে আঘাত দেওয়া থেকে বিরত থাকতে হবে।


দোষ নিয়ে তিরস্কার না করা- কারও ভুল বা অতীতের ত্রুটি নিয়ে তাকে অপমান বা হেয় করা নিষিদ্ধ।


গোপন দোষ অনুসন্ধান না করা- মানুষের ব্যক্তিগত ত্রুটি খুঁজে বের করা, গোপন বিষয় প্রকাশ করা বা গুপ্তচরবৃত্তি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।


হাদীসের শেষাংশে কঠোর সতর্কবাণী এসেছে যে, যে ব্যক্তি অন্যের গোপন দোষ খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা তার নিজের গোপন ত্রুটিও প্রকাশ করে দেন। এমনকি সে নিজের ঘরের ভেতরেও অপমানিত হতে পারে। তাই একজন মুমিনের কর্তব্য হলো মানুষের সম্মান রক্ষা করা, দোষ গোপন রাখা এবং সংশোধনের মনোভাব পোষণ করা।


আরেক হাদীসে এসেছে- 

ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন-

صَعِدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم المِنْبَرَ فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ، فَقَالَ: «يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيمَانُ إِلَى قَلْبِهِ، لَا تُؤْذُوا المُسْلِمِينَ وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ» قَالَ: وَنَظَرَ ابْنُ عُمَرَ يَوْمًا إِلَى البَيْتِ أَوْ إِلَى الكَعْبَةِ فَقَالَ: «مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ»: 

একবার রাসূলুল্লাহ (ﷺ) মিম্বরে আরোহণ করলেন এবং উচ্চস্বরে ডেকে বললেন, হে ঐ সম্প্রদায় যারা মুখে ঈমান এনেছ কিন্তু হৃদয়ে ঈমান প্রবেশ করেনি! শোন, তোমরা মু’মিনদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না, তাদের গোপন দোষ তালাশ করে ফিরবে না। কেননা, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন দোষ তালাশ করবে আল্লাহ তার গোপন দোষ উদঘাটিত করে দিবেন। আর আল্লাহ যার দোষ বের করে দিবেন তাকে তিনি লাঞ্চিত করবেন যদিও সে তার হাওদার অভ্যন্তরে অবস্থান গ্রহণ করে। রাবী (বর্ণনাকারী) বলেন যে, ইবনে উমর রা. একবার বায়তুল্লাহ বা কা‘বার দিকে তাকালেন এবং বললেন, কত মর্যাদা তোমার, কত বিরাট তোমার সম্মান! কিন্তু আল্লাহর নিকট মু’মিনের মর্যাদা তোমার চেয়েও বড়। -


জামে তিরমিযী, হাদীস নং ২০৩২; সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৮৮০


হাদীসের সরল মর্মার্থ- 


যখন প্রকৃত ঈমান কোনো মানুষের অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন তার স্বাভাবিক ফল হয়- সে নিজের পরিণতি (আখিরাত) নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে। আল্লাহর হক ও বান্দার হক আদায়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক হয়ে যায়। বিশেষত যারা সত্যিকার ঈমানের মাধ্যমে আল্লাহর সঙ্গে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে, তাদের ব্যাপারে সে আরও বেশি সাবধান থাকে। সে তাদের কষ্ট দেয় না, তাদের হৃদয়ে আঘাত করে না, তাদের অতীতের ভুলত্রুটি উল্লেখ করে লজ্জিত করে না এবং তাদের জীবনের গোপন দুর্বলতাগুলো অনুসন্ধান ও প্রকাশ করা থেকে বিরত থাকে।


কিন্তু যদি অন্তরে প্রকৃত ঈমান প্রবেশ না করে, আর ইসলাম কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ থাকে, তাহলে মানুষের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত হয়। সে নিজের সংশোধনের চিন্তা না করে অন্যের দোষ-ত্রুটি খুঁজতে থাকে। বিশেষ করে আল্লাহর সেই বান্দাদের পেছনে লেগে যায়, যারা ঈমান ও বন্দেগির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। সে তাদের মানুষের চোখে হেয় করতে চায়, তাদের ভুল-ত্রুটির প্রচার করে, তাদের বদনাম ও অপদস্থ করার চেষ্টা করে।


রাসূলুল্লাহ ﷺ এই হাদীসে এ ধরনের লোকদের সতর্ক করেছেন যে, তারা যেন এ কাজ থেকে বিরত থাকে। আল্লাহর মুমিন বান্দাদের বদনাম করা, তাদের মর্যাদা নষ্ট করার চেষ্টা করা এবং তাদের গোপন দুর্বলতাগুলো প্রকাশ করার অভ্যাস ত্যাগ করুক। অন্যথায়, আখিরাতের শাস্তির আগেই দুনিয়াতেই তারা লাঞ্ছনা ও অপমানের শিকার হবে। এমনকি যদি অপমান থেকে বাঁচার জন্য তারা নিজেদের ঘরের চার দেয়ালের মধ্যেও লুকিয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা তাদের সেই ঘরেই অপদস্থ ও লাঞ্ছিত করে দেবেন। -মা‘আরিফুল হাদীস, কিতাবুল আখলাক : ২/১৩৮-১৩৯


নিজের দোষ প্রকাশ করা নিষেধ 

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে,

كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا المُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ المُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، فَيَقُولَ: يَا فُلاَنُ، عَمِلْتُ البَارِحَةَ كَذَا وَكَذَا، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ "


আমার সকল উম্মত মাফ পাবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই ধৃষ্টতা যে, কোন ব্যক্তি রাতে অপরাধ করল, যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এমন এমন কর্ম করেছি। অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করল যে, আল্লাহ তার কর্ম গোপন রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর পর্দা খুলে ফেলল। -সহীহ বুখারী, হাদীস নং ৬০৬৯; সহীহ মুসলিম, হাদীস নং ২৯৯০


এই হাদীসে নিজের দোষ প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এবং এটিকে ধৃষ্টতা বলে আখ্যায়িত করা হয়েছে। এর থেকে প্রতীয়মান হয় যে, অন্যের দোষ প্রকাশ করা আরও গুরুত্বের সাথে নিষিদ্ধ। 


দোষ গোপন করার প্রকৃত অর্থ

দোষ গোপন করার অর্থ এই নয় যে, অপরাধ, জুলুম বা অন্যায়কে সমর্থন করা হবে। বরং অর্থ হলো- কারও একান্ত ব্যক্তিগত গুনাহ মানুষের কাছে প্রকাশ না করা।

গোপনে নসীহত করা।

অপমান নয়, সংশোধন কামনা করা।

মানুষের সম্মান রক্ষা করা।


কখন দোষ গোপন করা হবে না?

ইসলামী ফিকহ অনুযায়ী কিছু ক্ষেত্রে দোষ প্রকাশ করা বৈধ, বরং প্রয়োজনীয় হতে পারে-

বিচার প্রতিষ্ঠার জন্য সাক্ষ্য প্রদান।

জুলুম ও অপরাধ প্রতিরোধ।

প্রতারণা থেকে মানুষকে সতর্ক করা।

শরঈ ফতোয়া বা পরামর্শের প্রয়োজনে ঘটনা বর্ণনা।

জননিরাপত্তা বা মানুষের অধিকার রক্ষার স্বার্থে।

এসব ক্ষেত্রেও উদ্দেশ্য হবে ন্যায়বিচার প্রতিষ্ঠা; ব্যক্তিগত অপমান বা প্রতিশোধ নয়।


সালাফদের শিক্ষা

ইমাম শাফিঈ রহ. বলেন- 

مَنْ وَعَظَ أَخَاهُ سِرًّا فَقَدْ نَصَحَهُ وَزَانَهُ، وَمَنْ وَعَظَهُ عَلَانِيَةً فَقَدْ فَضَحَهُ وَشَانَهُ.


যে তার ভাইকে গোপনে উপদেশ দেয়, সে তাকে সত্যিকার নসীহত করে এবং সম্মানিত করে। আর যে প্রকাশ্যে উপদেশ দেয়, সে তাকে অপদস্থ করে। -হিলয়াতুল আওলিয়া : ৯/১৪০


ফুদাইল ইবন ইয়াদ রহ. বলেন-

الْمُؤْمِنُ يَسْتُرُ وَيَنْصَحُ، وَالْفَاجِرُ يَهْتِكُ وَيُعَيِّرُ.


মুমিন দোষ গোপন করে এবং নসীহত করে; আর পাপাচারী মানুষের পর্দা ফাঁস করে এবং তাকে লাঞ্ছিত করে। -জামিউল উলূমি ওয়ালহিকাম : ১/২২৫


আব্দুল্লাহ ইবন মুহাম্মদ ইবন মানাযিল রহ. বলেন- 

الْمُؤْمِنُ يَطْلُبُ مَعَاذِيرَ إِخْوَانِهِ، وَالْمُنَافِقُ يَطْلُبُ عَثَرَاتِ إِخْوَانِهِ.


মুমিন তার ভাইদের জন্য ওজর (যুক্তিসঙ্গত কারণ) খোঁজে; আর মুনাফিক তার ভাইদের পদস্খলন ও দোষ-ত্রুটি খুঁজে বেড়ায়। -শুয়াবুল ঈমান বায়হাকী, বর্ণনা ১১১৯৭


বর্তমান যুগে করণীয়

কারও ভুলের ভিডিও বা ছবি শেয়ার না করা।

যাচাই না করে কোনো অপবাদ প্রচার না করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানিকর পোস্ট থেকে বিরত থাকা।

ব্যক্তিগত ভুল দেখলে একান্তে নসীহত করা।

নিজের দোষ সংশোধনে ব্যস্ত থাকা।


উপসংহার

অন্যের দোষ গোপন করা ইসলামের এক মহান নৈতিক শিক্ষা। এটি ব্যক্তির সম্মান রক্ষা করে, সমাজে ভ্রাতৃত্ব ও আস্থা বৃদ্ধি করে এবং ফিতনা-ফাসাদ থেকে মানুষকে রক্ষা করে। তবে এই নীতির অর্থ কখনো অপরাধ আড়াল করা নয়; বরং যেখানে শরীয়ত ও জনস্বার্থ সত্য প্রকাশের দাবি করে, সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠাই অগ্রাধিকার পাবে। একজন প্রকৃত মুমিন মানুষের গোপন দোষ প্রচার না করে তার সংশোধন ও হেদায়েত কামনা করে। আর এ ধরনের বান্দাকেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিজের রহমতের আবরণে ঢেকে রাখবেন।