শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

অনলাইন নিউজ পোর্টাল 05 ডিসেম্বর 2021, 08:46 রাত 297 বার পঠিত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট ঘন ছাইয়ের মেঘে ছেয়ে গেছে আকাশ। এতে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় আটকা পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অগ্ন্যুৎপাতের পর বহু পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে দুর্যোগের কবলে পড়া ওই অঞ্চল থেকে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাউন্ট সেমেরু থেকে বেরিয়ে আসা আগ্নেয়গিরির ছাইয়ের ঘন বৃষ্টি দুটি স্থানীয় জেলার আকাশ পুরোপুরি অন্ধকার করে ফেলেছে।

আগ্নেয়গিরির ছাই ও ধোঁয়ার কুণ্ডলী মাটি থেকে আকাশের ১৫ হাজার মিটার পর্যন্ত মেঘাচ্ছন্ন করে ফেলেছে। ফলে বিমান চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে।

আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার ওপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।