বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হুথি হামলার মধ্যেই দাম্মামের পথে বিমান

মোহাম্মদ খাইরুল আমিন • 22 অক্টোবর 2026, 08:08 সকাল • 8 বার পঠিত
হুথি হামলার মধ্যেই দাম্মামের পথে বিমান

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার মধ্যে ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবগামী একের পর এক ফ্লাইট বাতিল হওয়ার পরও বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ ফ্লাইট পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ৮টায় ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে যাত্রা করেছে।

ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।

’এর আগে বুধবার সৌদি আরবের দাম্মামে বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় একজন নিহত ও আটজন আহত হন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।একই দিন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সৌদি আরবগামী ফ্লাইটে বিপর্যয়

হুথি যোদ্ধাদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ অক্টোবর রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এসব হামলার প্রভাবে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হতে থাকে। বুধবার পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েছেন।

সৌদি আরবের বিভিন্ন রুটে নতুন সূচি

পরিস্থিতির মধ্যে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার নতুন সময়সূচি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতি হওয়ায় আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

জেদ্দা রুটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।