হাভানায় হোটেলে বিস্ফোরণে নিহত ২২
কিউবার রাজধানী হাভানার সবচেয়ে বিখ্যাত হোটেল সারাতোগা। সেখানে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে ২২ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে হোটেলটির কয়েক তলা ধসে পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, হোটেলটির সামনে পার্ক করা ছিল গ্যাস ট্যাঙ্কার। সেটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘেদিন এই হোটেলটা বন্ধ ছিল। খোলার কথা ছিল আর চার দিন পর। কিন্তু তার আগে ভয়াবহ এই বিস্ফোরণে হোটেলটি এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। তিনি িজানিয়েছেন, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষকে বের করে আনতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তিনি বলেছেন, গ্যাসের লিক থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট বলেন, এটা কোনোভাবেই বোমা বিস্ফোরণ বা সন্ত্রাসী কোনো কিছু নয়। এটা একটা দুর্ঘটনা।