হাতে পিস্তল নিয়ে ফেসবুকে ছবি দেওয়া সেই যুবক গ্রেপ্তার
পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে আলাচনায় এসেছিলেন পাবনার ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (৩০)। তবে ফেসবুকে ওই ছবি নজরে আসার পর পুলিশ তাকে খুঁজছিল। এর পর বাড়ি থেকে পালিয়েছিলেন আবু বক্কার। কিন্তু গতকাল রোববার রাতে র্যাব-৫ তাকে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকার একটি ভবন থেকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার র্যাবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে আবু বক্কারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আবু বক্কারের বাড়ি সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
আজ সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আব্বু বক্কার পিস্তল হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করার পর সেটি ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। এর পর আব্বু বক্কার গা ঢাকা দেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাবও ছায়াতদন্ত শুরু করে। তার অভিযান চালায়।
এর ধারাবাহিকতায় গতকাল র্যাব-৫, সিপিএসসি অভিযান চালিয়ে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকার ‘গ্র্যান্ড তোফা হল বিল্ডিং’ থেকে আবু বক্কারকে আটক করে। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আবু বক্কার নিজের কাছে পিস্তল রাখতেন। তা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে। ফেসবুকে অস্ত্রসহ ছবি দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সবাই যেন জানে তার কাছে আগ্নেয়াস্ত্র আছে এবং এভাবে তিনি নিজেকে বড় সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।
গত বৃহস্পতিবার আবু বক্কারের পিস্তল হাতে ফেসবুকে দেওয়া ছবি আলোচনায় আসে। একটি ছবিতে দেখা যায় হাতে পিস্তল হাতে তিনি দাঁড়িয়ে আছেন। অন্যটিতে গুলিসহ তাকে দেখা যায়। ছবি দুটি ছড়িয়ে পড়ে। এরপর তা মুছে দিয়েছিলেন আবু বক্কার।