বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হাম: এক দিনে আরও ৮ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 14 সেপ্টেম্বর 2026, 11:43 দুপুর 19 বার পঠিত
হাম: এক দিনে আরও ৮ মৃত্যু

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং সিলেট বিভাগে চার জন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে তখন থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৩০ জন।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪১৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬১ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭০, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৭৭ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ৯৩ জন।

সারাদেশে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

এ পর্যন্ত ২০ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়েছে।

তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার নমুনা পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে হামের বিস্তারের সঠিক চিত্র পাওয়া যায় না।