হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিশ্বজয়
ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ হলে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমদ তাকরীম সারা বিশ্বের অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন।
তাকরীম ঢাকার মিরপুর ১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র। হাফেজ সালেহ আহমদ তাকরীম গত ২২ আগস্ট ২০২১ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়।
এরপর পর্যায়ক্রমে ইরান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম দুই বাছাই পর্বে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বে প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকা ঊড্ডিণ করতে সক্ষম হয়।
৫ মার্চ জমকালো আয়োজনের মাধ্যমে এবছরের পৃথিবী সেরা বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সাংস্কৃতিক মন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যেদ মাহদী খামুশীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।