গ্যাস সংকটে ভোগান্তি আজও
রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তি দ্বিতীয় দিনে গড়িয়েছে। খাবার রান্না করতে না পেরে মহল্লার রেস্টুরেন্টগুলোতে কিংবা ছোট ছোট দোকানে ভিড় করেছেন অনেকে।
রাস্তা সংস্কার কাজ করতে গিয়ে লাইন ফুটো হওয়ায় মঙ্গলবার দিনভর ঢাকার একটা বড় অংশজুড়ে গ্যাস সংকট ছিল। বুধবারও প্রায় একই চিত্র দেখা গেছে। পুরো রাজধানীতে গ্যাসের সরবরাহ কমে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আমিনবাজার এলাকায় তিতাস গ্যাস বিতরণ কোম্পানির পাইপলাইনে ছিদ্র মেরামতে দেরি হওয়ায় কিছু এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের সরবরাহ কম থাকতে পারে।
কল্যাণপুর, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবর, গ্রিন রোড, কলাবাগান, ধানমণ্ডিসহ বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের কারণে নগরবাসীর দুর্ভোগ দেখা গেছে। কিছু কিছু এলাকায় অনেকেই বিদ্যুতে রান্না করেছেন। অনেক জায়গাতেই রাত পর্যন্ত গ্যাস সংযোগ স্বাভাবিক হয়নি।
তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তিতাসের আওতাধীন এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা শহরসহ সব এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।
তিতাসের জনসংযোগ শাখার পরিচালক মির্জা মাহবুব হোসেন জানান, আমিনবাজারের একটি লাইন বন্ধ থাকলেও বিকল্প লাইন দিয়ে বেশি পরিমাণে গ্যাস সরবরাহ করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।