শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে বাসায় আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন • 23 অক্টোবর 2026, 11:06 দুপুর • 2 বার পঠিত
গাজীপুরে বাসায় আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুর সদরের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরের এ দুর্ঘটনায় আহতদের সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন—মলসিন প্রধান (৩০), সেলিনা আক্তার (২৫), সোহাদ (৪) ও সায়ান (৫)।

ভোরে বাসার একটি সোফায় আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন লাগে এবং একপর্যায়ে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দগ্ধদের প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, সেলিনা আক্তারের (২৫) শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মলসিনের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

চারজনের মধ্যে মা ও বড় ছেলে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এবং অপর দুজন পর্যবেক্ষণে রয়েছেন।