বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাইবান্ধায় আ.লীগ নেতার বাড়িতে ঝুলন্ত লাশ: ২ পুলিশ প্রত্যাহার

অনলাইন নিউজ পোর্টাল 21 এপ্রিল 2021, 09:19 সকাল 751 বার পঠিত
গাইবান্ধায় আ.লীগ নেতার বাড়িতে  ঝুলন্ত লাশ: ২ পুলিশ প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে পুলিশ সদর দফতরের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।

প্রত্যাহার হলেন, গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান এবং উপ-সহকারী পরিদর্শক মোশাররফ হোসেন।

রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

গত ১০ এপ্রিল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে হাসান আলীর স্ত্রী বিথী বেগম ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগে উল্লেখ করা হয়, হাসান আলীকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে পুলিশ আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে হ্যান্ডকাপ ছাড়াই থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং তাকে হ্যান্ডকাপ লাগিয়ে ও কোমরে দড়ি লাগিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান।

এ ঘটনায় মাসুদকে ওই দিনেই পুলিশ গ্রেফতার করে।

অন্যদিকে পুলিশের গাফেলতি তদন্তে গাইবান্ধা জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রাহাত গাওহারী, গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু খায়ের এবং পুলিশ পরিদর্শক আবদুল লতিফ মিয়াকে দিয়ে তিন সদস্যের কমিটি করা হয়।