সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফতুল্লায় স্ত্রী-সন্তানের হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2026, 11:07 দুপুর • 6 বার পঠিত
ফতুল্লায় স্ত্রী-সন্তানের হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী হারেজকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৮ জুলাই রাত আনুমানিক পৌনে ২টার দিকে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন হারেজ। এতে তারা নিহত হন।

এ ঘটনায় নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) অভিযোগ দায়ের করেন। পরে ফতুল্লা থানায় ২০২০ সালের ৯ জুলাই হত্যা মামলা করা হয়।

মামলার নম্বর ১৬।পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত হারেজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।