ফতুল্লায় পোশাক কারখানার ডাইং বিভাগে ভয়াবহ বিস্ফোরণ
মঙ্গলবার রাতে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় ক্যাডটেক্স পোশাক কারখানার ডাইং বিভাগে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার শ্রমিকরা জানান, কাপড় শুকানোর চলন্ত মেশিন থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০ গজ দূরে কারখানার প্রধান গেট উড়ে সড়কে গিয়ে পড়ে। এ সময় ভয়ে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যায়। তখন কারখানাতে প্রায় শতাধিক শ্রমিক কর্মরত ছিল।
আগুনে ডাইং বিভাগের বিপুল পরিমাণ কাপড় ও মূল্যবান মেশিন পুড়ে ছাই হয়ে যায়। তখন কারখানার পক্ষ থেকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার ম্যানেজার বলেন, রাত পৌনে ২টার দিকে কারখানার স্ট্যান্ডার্ড মেশিনের ডার্জ থেকে আগুন লেগে কাপড় ও মেশিন পুড়ে গেছে। তখন কারখানায় ৬০/৭০ জন কর্মচারী কর্মরত ছিল। ফায়ার সার্ভিসে ফোন করার পর তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন। এতে কোন হতাহত হয়নি।