বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

ফ্রান্সের হার, স্পেনের ড্র, জার্মানির ঘুরে দাঁড়ানো জয়

ওএনপি২৪ নিউজ ডেস্ক 21 মার্চ 2025, 11:52 দুপুর 313 বার পঠিত
ফ্রান্সের হার, স্পেনের ড্র, জার্মানির ঘুরে দাঁড়ানো জয়

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের হার সঙ্গী হয়েছে ফ্রান্সের। স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ।

পঞ্চম মিনিটেই পেনাল্টি পেয়েছিল ক্রোয়েশিয়া, তবে আন্দ্রে ক্রামারিচের শট ফিরিয়ে দেন ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ঁ। ২৬তম মিনিটে পেরিসিচের ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ। এই হারে ফ্রান্স দলে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের প্রত্যাবর্তন স্মরণীয় হলো না। ফিরতি লেগে রবিবার প্যারিসে মুখোমুখি হবে দুই দল।

স্পেন-নেদারল্যান্ডসের ড্র

একই রাতে আরেক ম্যাচে স্পেন ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করেছে। নবম মিনিটে নিকো উইলিয়ামসের গোলে স্পেন এগিয়ে গেলেও ২৮তম মিনিটে সমতা ফেরান কোডি হাকপো।

দ্বিতীয়ার্ধের ৩৯ সেকেন্ডেই টিয়ানি রেইন্ডার্স নেদারল্যান্ডসকে এগিয়ে নেন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মেরিনোর গোলে সমতা ফেরায় স্পেন। টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত থাকল স্পেন, সবশেষ ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে তাদের হার ছিল। আগামী রবিবার ভালেন্সিয়ায় ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।

জার্মানির ঘুরে দাঁড়ানো জয়

সান সিরোয় পিছিয়ে পড়েও ইতালির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে জার্মানি। নবম মিনিটে সান্দ্রো তোনালির গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। তবে ৪৯ মিনিটে ফরোয়ার্ড টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় নিশ্চিত করে জার্মানরা।

জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন গোরেৎস্কা, প্রায় চার বছর পর আন্তর্জাতিক গোল করলেন তিনি। টানা দ্বিতীয়বার ইতালির বিপক্ষে জয় পেল জার্মানি, ২০২২ সালের জুনে নেশনস লিগের ম্যাচে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল তারা। রবিবার ডর্টমুন্ডে হবে ফিরতি লেগ।