ফিলিস্তিনে বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের বিরোধিতা পরও ফিলিস্তিনি ভূমিতে প্রায় তিন হাজার বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
তিনি আরো বলেন, ইসরায়েল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কিনা তা এখন নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদিদের হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনা উদ্বেগজনক। এর ফলে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বি-রাষ্ট্র সমাধানের যে চেষ্টা চলছে, তা বিঘ্নিত হবে এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে।
বুধবার স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের বসতি নির্মাণ প্রকল্পের ঘোর বিরোধিতা করছে। এবং অবিলম্বে ইসরায়েলিদের ওই প্রকল্প বন্ধ করারও পরামর্শ দিয়েছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরায়েলের এ প্রকল্পে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন।