সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে: আব্দুল কাদের

মোহাম্মদ খাইরুল আমিন • 26 অক্টোবর 2026, 08:09 সকাল • 6 বার পঠিত
এনসিপি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছে: আব্দুল কাদের

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানের ‘ধ্বজাধারী’ বর্ণনা করে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দলটির অবস্থান নিয়ে খেদ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর দিতে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, “দেশে একটা মানুষ মারা গেছে, জামাতের নেতাকর্মীরা তার লাশ দাফন করতে দিচ্ছিল না, মব করে তার জন্য খোঁড়া কবর জোরপূর্বক ভরাট করে ফেলছে। ১৭ ঘন্টা পরে তার বৃদ্ধা বোন আর মেয়ে রাতের আঁধারে মোবাইলের আলোতে প্লেট দিয়ে মাটি খুঁড়ে তাকে দাফন করেছে!

“এমন অমানবিক ঘটনার পরে এনসিপি সাংগঠনিকভাবে একেবারে নির্বিকার, নির্লিপ্ত ছিল। আনুষ্ঠানিক কোনো বিবৃতি তো দূরে থাক; কোনো একজন নেতা সোশাল মিডিয়ায় পর্যন্ত একটা টু শব্দ করে নাই। মৃত ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।

“এক্ষেত্রে এনসিপি তাদের শরিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পক্ষ নিয়েছেন। মবকে নীরব সমর্থন দিয়েছেন। অথচ তারা নাকি মুক্তিযুদ্ধকে ওউন করেন। এই তাদের ওউন করার নমুনা!”

রোববার রাতে ফেইসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান এনসিপির ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বতর্মানে জাতীয় ছাত্রশক্তি) সাবেক নেতা আব্দুল কাদের।

সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে এনসিপির অবস্থান নিয়ে ক্ষোভ ঝেরে কাদের বলেছেন, “কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজার সময়ে মন্দির প্রাঙ্গণে মন্দিরের অবশিষ্ট ইট ব্যবহার করে মাংস রান্নার ঘটনায় হ্যাডম দেখিয়ে পালটা গরু ভোজের আয়োজনের নেতৃত্বে ছিল এনসিপির ছাত্রসংগঠন- ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব!

“সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আয়োজক তাহলে কারা? অথচ ছাত্র শক্তি-শিবির এবং মজলিসের এমন উষ্কানিমূলক কর্মকাণ্ডের পরে এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবী করেছেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ার ক্রেডিট নাকি বিরোধী দলের; সরকারের না।”

জুলাই গণঅভ্যুত্থানের মাস ছয়েক পরে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

এ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান আব্দুল কাদের। সমাজকল্যাণ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। তিনি নাহিদ ইসলাম-আখতার হোসেন নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির’ও সাবেক নেতা।

আব্দুল কাদের লিখেছেন, “চট্টগ্রাম প্রেসক্লাবে নারীকে ফ্লাইং কিক দেওয়া থেকে শুরু করে জামাত নেতা গাজী নজরুলের বিকৃত যৌনলালসার শিকার হয়ে জীবন দেওয়া সেই অসহায় তরুণী, নিপীড়িত নির্যাতিত এমন কোনো নারীর পক্ষে এনসিপি নারী নেতৃত্ব কিংবা দলীয় নেতারা টু শব্দ করেনি, ভিক্টিমদের পাশে দাঁড়ায়নি; তারা রাজনৈতিক কারণে আন্দোলন করেছিল হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার জেরে ধর্ষণের মিথ্যা প্রোপাগাণ্ডার ঘটনায়! অথচ তাদের নতুন বন্দোবস্তে নাকি নারীদের অধিকার রক্ষার বিষয়টা অগ্রভাগে।

“মাদ্রাসায় এতো এতো শিশু বিকৃত যৌনলালসার শিকার হচ্ছেন, এ ব্যাপারে এনসিপি নেতাদের মুখে কোনো রা নেই!

“জ্বি, এটাই হচ্ছে জামাত পরিচালনাধীন এনসিপি'র মধ্যপন্থী রাজনীতি, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর অধিকার রক্ষায় অঙ্গিকারবদ্ধ এবং সর্বোপরি নতুন বন্দোবস্তের নমুনা ।”