মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 29 সেপ্টেম্বর 2026, 08:35 সকাল • 6 বার পঠিত
এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুদ থাকার পরও কোথাও দাম বাড়ানোর প্রবণতা দেখা দিলে অসাধু উদ্দেশ্যে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে।

এলপিজি আমদানিকারক ও অপারেটররাও জানিয়েছেন, বর্তমানে দেশে এলপিজির কোনো সংকট নেই।তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।

চলতি সেপ্টেম্বরের ২৯ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন।তথ্য উপদেষ্টা বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও এরই মধ্যে কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

এ ধরনের খবর গণমাধ্যমেও এসেছে। তাই অসাধু উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুদ করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার প্রবণতা রয়েছে। এ কারণে কেউ কেউ মজুদ করার চেষ্টা করতে পারেন। তবে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদদারি করা হলে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এলপিজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় দেশের এলপিজির আমদানি, মজুদ, সরবরাহ ও বাজারদরসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় এলপিজি আমদানিকারক ও অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, দেশে এলপিজির যোগান ও মজুদ পরিস্থিতি ভালো। বর্তমানে বাজারে এলপিজির কোনো সংকট নেই বলেও তারা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেন।