একদিনে মৃত্যু বেড়ে ৯, শনাক্তের হারও কিছুটা বাড়ল
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন মারা গেছেন। এই সময়ে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা বেড়েছে। তাই কিছুটা বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত একদিনে ৬৫৬ জনের শরীরের করোনার ভাইরাস পাওয়া গেছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশে। এর মধ্যে ৬৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
এর আগের দিন ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে ৫২১ জন নতুন রোগী পাওয়া গিয়েছিল। মারা গিয়েছিলেন ৩ জন। সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে বেশ বেশি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৭৮ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ১৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা হয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জন। এদের মধ্যে ২৯ হাজার ২১২ জনের এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৪২ জন কোভিড রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন সুস্থ হলেন।
নতুন যে ৬৫৬ জনের করোনা ধরা পড়েছে এর ৫৭৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। এদিন দেশের মোট ১৩ জেলায় নতুন রোগী ধরা পড়েছে।
অবশ্য গত ২৪ ঘন্টায় দেশের ৬৪ জেলার ৪৩টি এলাকায় গত এক দিনে কারও নমুনা পরীক্ষা করা হয়নি। ঈদের ছুটির আগে দেশের সব জেলাতেই পরীক্ষার জন্য নমুনা আসছিল।
গত এক দিনে মারা যাওয়া ৯ জনের ৭ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী। একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। দুজনার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। বাকি সবার বয়স ৬০ বছরের বেশি।