ঈদযাত্রা: বাসের আগাম টিকিট বিক্রি শুরু ২৪ জুন
ঈদ-উল-আজহায় বাড়ি ফেরার বাসের আগাম টিকিট বিক্রি আগামী ২৪ জুন থেকে শুরু হবে। এদিন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে।
আজ সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে (রাজধানীর গাবতলীতে) এক সভায় এই সিদ্ধান্ত আসে।
জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ-উল-আজহা উদযাপন। সেই অনুসারে আগামী ১০ জুলাই ঈদ-উল-আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল ও অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের টিকেট বিক্রি করা হবে।
সেদিন গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর ও মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট কেনা যাবে। যাত্রীরা টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকেট কিনতে পারবেন।
সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকেট বিক্রি না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে সংগঠনটির সভায়।