দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতে বললেন সাংসদ
একটি শোকসভায় নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ এইচ এম ইব্রাহিমের দেওয়া বক্তব্যের ৫৩ সেকেন্ডের ভিডিও আলোচনায় এসেছে। সেখানে দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। তাতে করে যদি এক নম্বর আসামি হতে হয় তাতেও তিনি রাজি বলে বক্তব্যে জানান।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের স্মরণে শোকশভার আয়োজন করা হয়। সেখানে এইচ এম ইব্রাহিম এসব কথা বলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এইচ এম ইব্রাহিমকে বলতে শোনা যায়, ‘আমি হুকুম দিয়া দিচ্ছি, এই দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছু হবে না। আপনারা যদি পারেন, গণপিটুনি দিয়ে মেরে ফেলেন। যদি কেউ আসামি করে, আমি মামলার এক নম্বর আসামি হব যে আমি হুকুম দিয়ে গেছি। এটা আমি আপনাদের কথা দিয়ে গেলাম।’
এর সঙ্গে তিনি আরো বলেন, ‘যদি পুলিশ না পারে, আমি আপনাদের বলে গেলাম, আপনারা দুষ্কৃতকারীদের, যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করতেছে, তাদের আপনারা পিটিয়ে মেরে ফেলেন, কিছু হবে না। সেটার যদি আসামি হতে হয়,
আসামি হব, আমি আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি।’
তার এই বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ইব্রাহিমের বিরোধী শিবিরের লোকজন তার সমালোচনায় মুখর হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংসদ ইব্রাহিমের কোনো কোনো এলাকায় মাদক ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। স্থানীয়দের কথা, এইসব দুষ্কৃতকারীদের পিটিয়ে মেরে ফেলতে বলেছেন সাংসদ। কারণ, আইন দিয়ে তাদের তেমন কিছু করা যাচ্ছে না।