শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার

মোহাম্মদ খাইরুল আমিন • 09 অক্টোবর 2026, 11:08 দুপুর • 3 বার পঠিত
দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার

শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের জন্য চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারক নাভানেথেম 'নাভি' পিল্লাই।

শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের পুরস্কারের জন্য ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান মানবাধিকারকর্মীর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়, “দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও জাতীয় নেতাদের জবাবদিহির আওতায় আনতে এবং সংঘাত ও সহিংসতার শিকার মানুষের মনে আশা জাগাতে পিল্লাই অসামান্য নৈতিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

“বর্ণবাদবিরোধী লড়াইয়ে নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্যদের পক্ষে তার শুরুর দিকের আইনি লড়াই থেকে শুরু করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতের বিচারক হিসেবে তার ভূমিকা মূলত এক সূত্রে গাঁথা।"

ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলো নিয়ে গঠিত জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন নাভি পিল্লাই। গত বছর এই কমিশন তাদের প্রতিবেদনে জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। যদিও ইসরায়েল সে সময় প্রতিবেদনটিকে 'কলঙ্কজনক' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।

চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্যের পর চলতি সপ্তাহে ঘোষিত এটি পঞ্চম নোবেল পুরস্কার। এর আগে ২০২৫ সালে এই পুরস্কার জিতেছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে এই পুরস্কারের প্রচলন হয়। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যার বর্তমান অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রাউন বা প্রায় ১২ লাখ ডলার।