ডেঙ্গু প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা এবং ডেঙ্গু মোকাবেলায় আলেম সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গতকাল উত্তরা কমিউনিটি সেন্টারে ‘সুস্থ্যতার জন্য সামাজিক আন্দোলন’ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু মোকাবেলা করতে হবে।
আতিকুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে তার নেতৃত্বে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। ডিএনসিসি মেয়র বলেন, মসজিদের ইমাম বা খতিবগণ শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় এবং পাঁচ ওয়াক্ত নামাজের সুবিধাজনক সময়ে মসজিদে আগত মুসল্লিদের উদ্দ্যেশ্যে জনসচেতনতামূলক বার্তা প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে পারেন।