বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে ছেলের গুলিতে জাপা নেতার স্ত্রী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 16 আগস্ট 2022, 07:29 বিকাল 299 বার পঠিত
চট্টগ্রামে ছেলের গুলিতে জাপা নেতার স্ত্রী নিহত

পারিবারিক কলহের জেরে জাতীয় পার্টির প্রয়াত নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে তাদেরই ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌর সদরে তাদের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটেছে। এই তথ্য জানিয়েছে পুলিশ।

ছেলের গুলিতে নিহত জেসমিন আক্তারের (৬০) স্বামী বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার পটিয়া পৌরসভার মেয়র ছিলেন। এই বছরের ১৩ জুলাই তিনি মারা যান।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শামসুল আলম মাস্টার মারা যাবার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

আজ দুপুরে জেসমিন আক্তারের সাথে তার ছেলে ছেলে মাঈনুদ্দিন মঈনুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে তার মাকে গুলি করেন। 

বাড়িতে তখন ছিলেন বড় মেয়ে। তিনি তার মাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মাকে গুলি করেই ছেলে মাঈনুদ্দীন পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শামসুল-জেসমিন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে বড় ছেলে ও মেয়ে বিদেশে থাকেন। সম্প্রতি তাদের মেয়ে দেশে আসেন।