বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন 03 জানুয়ারী 2026, 12:02 দুপুর 175 বার পঠিত
বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল নগরীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

নিহতরা হলেন, বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা রুপাতলী এসিআই অ্যানিমল হেলথ স্টোরের হেলপার পদে কর্মরত ছিলেন।

নিহতদের সহকর্মী ও প্রত্যক্ষদর্শী জিহাদ বলেন, “রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রুপাতলী বাস টার্মিনালের দিকে রওয়ানা দেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

“এতে রাসেল ও জুয়েল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়েছে চালক ও হেলপার।”